বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন লিওনেল মেসি। এমন একটা গুঞ্জন আগে থেকেই ছিল। এর কারণ ছিল তার মেজর লিগ সকারের গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলার বিষয়টি। তবে এবার এ বিষয়ে জানা গেল নতুন তথ্য।
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হয়ে খেলার পর আগামী সপ্তাহের এমএলএস অল-স্টার গেমে খেলতে হবে না লিওনেল মেসিকে। শনিবার এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবল লিগ এমএলএস।
গত বছর এই বার্ষিক আয়োজন এড়িয়ে যাওয়ার জন্য শাস্তির মুখে পড়েছিলেন ইন্টার মায়ামির তারকা মেসি। এই আয়োজনে এমএলএসের সেরা খেলোয়াড়রা মেক্সিকান লিগ এমএক্সের প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলেন।
সাধারণত এই ম্যাচে অংশগ্রহণ বাধ্যতামূলক। শুধু চোটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। তবে এবার বিশ্বকাপ পড়েছিল এমএলএস মৌসুমের মাঝখানে। এ কারণে সাত সপ্তাহের বিরতি দিতে হয়েছিল লিগকে। বিশ্বকাপের শেষ পর্যায়ে পৌঁছানো খেলোয়াড়দের জন্য আগে থেকেই ছাড়ের ব্যবস্থা করা হয়েছিল বলে নিশ্চিত করেছে লিগ কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, ‘২০২৬ মৌসুম শুরুর আগে মেজর লিগ সকার এবং এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন একমত হয়েছিল যে, কোনো খেলোয়াড় বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর ক্লাবগুলো প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে আলাদা করে কথা বলবে। এর মাধ্যমে ঠিক করা হবে তার বিশ্রাম এবং অনুশীলন ও প্রতিযোগিতায় ফেরার সময়সূচি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই চুক্তি অনুযায়ী রদ্রিগো দে পল এবং লিওনেল মেসিকে ২০২৬ এমএলএস অল-স্টার গেম থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।’
গত রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে দে পলও খেলেছিলেন। অতিরিক্ত সময়ের পর সেই ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা।
এবারের অল-স্টার গেমের জন্য প্রথম ১১ জনের তালিকাতেই ছিলেন মেসি। আগামী বুধবার উত্তর ক্যারোলাইনার শার্লটে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
মেসির অনুপস্থিতিতে এই তালিকায় থাকবেন লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিন, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের থমাস মুলার এবং যুক্তরাষ্ট্র জাতীয় দলের অধিনায়ক টিম রিম। রিম বর্তমানে শার্লটের হয়ে খেলেন।
গত বছর শেষ মুহূর্তে অল-স্টার গেম এড়িয়ে যাওয়ার জন্য মেসি এবং তখনকার ইন্টার মায়ামির সতীর্থ জর্দি আলবাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
সেই সময় এমএলএস কমিশনার ডন গার্বার মেসির কঠিন সূচির প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, এটা ছিল ‘অনেক কঠিন একটা সিদ্ধান্ত’। তিনি আরও বলেছিলেন, লিগের দীর্ঘদিনের অল-স্টার গেম নীতি পর্যালোচনা করা হবে।
তবে ইন্টার মায়ামির বিলিয়নেয়ার সহ-মালিক জর্জ মাস জানিয়েছিলেন, সেই নিষেধাজ্ঞায় মেসি ‘খুব রাগান্বিত’ হয়েছিলেন।


